![]() |
| ছবি- এআই |
সরকার আগামী ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা এই অভিযান পরিচালনা করবে।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর শান্তিনগর বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় সচিব এ কথা জানান। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন ও ব্যবহার পুরোপুরি বন্ধ করতে ক্রেতা এবং বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে হবে।
ড. ফারহিনা আহমেদ আরও বলেন, "পলিথিন ব্যবহার গত ২২ বছর ধরে চলছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ক্যান্সার ও লিভারজনিত অসুখসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে পলিথিনের কারণে। তাই জনস্বার্থে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত মেনে চলা জরুরি।"
তিনি পলিথিনকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত হতে হবে।
সচিবের নেতৃত্বে বাজার কমিটির নেতারা শান্তিনগর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং বিকল্প ব্যাগ ব্যবহারের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Comments
Post a Comment