সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫

 


সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বার্তায় জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে যান। পরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

​এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

​উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

​ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।


Comments

Post a Comment