ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ রাজত্বের অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়লেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। রবিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস-২০২৫’-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। আর এই জয়ের মাধ্যমে তিনি এমন এক কীর্তি গড়লেন, যা এর আগে মেসি বা রোনালদো কেউই করতে পারেননি।
এক বছরেই ব্যক্তিগত সব শ্রেষ্ঠত্ব
উসমান দেম্বেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে একই বছরে ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা (দ্য বেস্ট) এবং গ্লোব সকার অ্যাওয়ার্ড জয়ের বিরল রেকর্ড গড়লেন। মেসি আটবার এবং রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতলেও, কোনো বছরেই এই তিন কিংবদন্তি পুরস্কার একসঙ্গে জেতার স্বাদ পাননি। ২০২৫ সালে এই ‘ব্যক্তিগত ট্রেবল’ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পিএসজির এই ফরোয়ার্ড।
পিএসজির ট্রেবল জয় ও দেম্বেলের রাজত্ব
২০২৫ সালটি দেম্বেলের জন্য ছিল স্বপ্নের মতো। পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়সহ লিগ আঁ এবং ফ্রেঞ্চ কাপের ট্রেবল জেতেন তিনি। সব মিলিয়ে পিএসজির হয়ে বছরে মোট ছয়টি শিরোপা জিতেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে মৌসুমে ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। এই অর্জনের পথে তিনি কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়া, ভিতিনিয়া এবং লামিন ইয়ামালকে পেছনে ফেলে বর্ষসেরার মুকুট পরেন।
দেম্বেলের প্রতিক্রিয়া
পুরস্কার হাতে নিয়ে দেম্বেলে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, সবার আগে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ পিএসজি সতীর্থ, স্টাফ, চেয়ারম্যান, স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস ও কোচ লুইস এনরিকেকে। ব্যক্তিগত পুরস্কার জিতে আমি খুশি, তবে আমি সব সময় বলি—দলই সবার আগে।’
পিএসজির জয়জয়কার
এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে পিএসজির আধিপত্য ছিল স্পষ্ট। বর্ষসেরা ক্লাব, কোচ (লুইস এনরিকে), স্পোর্টিং ডিরেক্টর (লুইস ক্যাম্পোস) এবং প্রেসিডেন্ট (নাসের আল-খেলাইফি)—সব বিভাগেই সেরা হয়েছে ফরাসি ক্লাবটি।
২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডস: এক নজরে বিজয়ীরা
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি)
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা)
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা
- বর্ষসেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
- বর্ষসেরা মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি)
- বর্ষসেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
- উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
- মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল-নাসর)
- বর্ষসেরা জাতীয় দল: পর্তুগাল
- লাইফটাইম অ্যাচিভমেন্ট: হিদেতোশি নাকাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা
- বর্ষসেরা স্পোর্টিং কামব্যাক: পল পগবা
- বর্ষসেরা এজেন্ট: হোর্হে মেন্দেস
উল্লেখ্য, ২০১০ সাল থেকে গ্লোব সকার অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। ভক্তদের ভোট এবং বিশেষ জুরিবোর্ডের রায়ের ভিত্তিতে এই পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হয়।

Comments
Post a Comment