প্রতিবেশী ভারতের সঙ্গে নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লি থেকে জরুরি তলব পেয়ে ঢাকায় ফিরেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা পেয়ে সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই তিনি দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে তাঁকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যেই তাঁকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
‘২৯০০ সহিংসতার’ অভিযোগ ও প্রত্যাখ্যান
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। তবে গত রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এই দাবিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সরাসরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মিশন ঘেরাও ও ভিসা কার্যক্রম স্থগিত
গত দুই সপ্তাহ ধরে ঢাকা-দিল্লি সম্পর্কে চরম অস্বস্তি বিরাজ করছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ এবং বাংলাদেশের মিশন ঘেরাও কর্মসূচির কারণে নিরাপত্তার স্বার্থে সেখানে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশ।
পাল্টাপাল্টি তলবের রেশ
সম্পর্কের এই শীতলতার মধ্যেই গত ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশ একে অপরের হাইকমিশনারকে তলব করার নজিরবিহীন ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হলো, যা পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

Comments
Post a Comment