রাজধানীর ঘড়ির কাঁটায় তখন রাত তিনটা। থার্মোমিটারের পারদ নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। হাড়কাঁপানো এই শীতের রাতে যখন নগরবাসী গভীর ঘুমে, তখন শাহবাগ মোড়ে খোলা আকাশের নিচে চলছে এক ভিন্ন দৃশ্যপট। বাবা আসিফুল ইসলামের কোলে জড়সড় হয়ে বসে আছে ছোট্ট শিশু শাফিকুল ইসলাম ফারাজ। পাশেই বসে আছেন আসিফুলের স্ত্রী, তাঁর কোলেও ঘুমিয়ে আছে আরেক শিশুসন্তান শারিফুল ইসলাম ফায়দা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগের চিত্র এটি। ইনকিলাব মঞ্চের ডাকে সারা রাত অবস্থান কর্মসূচিতে অংশ নিতেই সপরিবারে ছুটে এসেছেন আসিফুল। তিনি জানান, তীব্র শীতেও তাঁর সন্তানদের কিছু হবে না বলে তাঁর বিশ্বাস। বরং তিনি চান, বড় হয়ে তাঁর ছেলেরাও যেন হাদির মতোই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে।
কবিতা, গান ও কবরের পানে চেয়ে থাকা গতকাল শুক্রবার দিবাগত সারা রাত শাহবাগ মোড় ছিল প্রতিবাদমুখর। ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয় এই চত্বর। আন্দোলনকারীদের কণ্ঠে ছিল ‘হাদি হত্যার বিচার চাই’ স্লোগান। ফাঁকে ফাঁকে চলেছে প্রতিবাদী কবিতা আবৃত্তি এবং হাদিকে নিয়ে রচিত গান। কর্মসূচির এক ফাঁকে কেউ কেউ একটু দূরে গিয়ে হাদির কবর জিয়ারত করে আসছেন, আবার কেউ দূর থেকেই কবরের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে থাকছেন।
‘প্রয়োজনে হাদির মতো জীবন দেব’ আজিমপুর থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা মমিনুল ইসলাম নামের এক আন্দোলনকারী বলেন, ‘বাংলার প্রেমিক হয়ে হাদি জীবন দিয়ে গেছেন। যাঁরা সত্যের পথে থাকেন, তাঁরা মৃত্যুকে ভয় পান না। প্রয়োজনে আমিও হাদির মতো জীবন দিতে রাজি।’
তারেক রহমানের আগমন ও সহযোগিতার আশ্বাস হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবারও শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতে আসার কথা রয়েছে। এ বিষয়ে ডাকসু নেত্রী ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে এবং এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
প্রতিষ্ঠান গড়ার ডাক এর আগে রাত আড়াইটার দিকে সংহতি জানাতে আসেন তৃণমূল এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনতাসীর মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রতিষ্ঠান ভেঙে নয়, বরং প্রতিষ্ঠান গড়তে হবে। শহীদ হাদি ভাইও প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন।’
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে।
রাতভর আসা-যাওয়ার মিছিল রাত সাড়ে তিনটার দিকেও শাহবাগে মানুষের স্রোত থামেনি। সরেজমিনে দেখা যায়, কেউ কেউ তখনো মিছিলে যোগ দিচ্ছেন, আবার দীর্ঘক্ষণ অবস্থান করে কেউ কেউ বাড়ির পথ ধরছেন। জিগাতলা থেকে স্ত্রী ও ছয় বছরের মেয়ে আসফিয়াকে নিয়ে আসা মোহাম্মদ আশরাফুল জানান, কয়েক ঘণ্টা প্রতিবাদ জানিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ফিরছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ যে থামছে না, তা উপস্থিত জনতার চোখেমুখে ছিল স্পষ্ট।

Comments
Post a Comment