ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শনিবারও শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা।
উপদেষ্টা রিজওয়ানার আশ্বাস ও সময়সীমা
শনিবার রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান, সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
উপদেষ্টা ঘোষণা দেন, সব ধরনের তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা শেষ করে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। তিনি বলেন, ‘চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন যেন দ্রুত বিচার কাজ শেষ করা যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। আমরা থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।’
দ্রুত বিচারের উদাহরণ টানতে গিয়ে তিনি আছিয়ার ঘটনার কথা উল্লেখ করেন, যার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন হয়েছিল। তিনি জানান, নির্ভুল ও নিখুঁত চার্জশিট দেওয়ার জন্যই সময় নেওয়া হচ্ছে।
পলাতক আসামিদের বিচার ও ভারত প্রসঙ্গ
হত্যাকারীরা দেশের বাইরে পালিয়ে গেলেও বিচার প্রক্রিয়া থামবে না বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘প্রয়োজনে পলাতক আসামিদের অনুপস্থিতিতেই (ইন অ্যাবসেন্সিয়া) বিচার করা হবে, যেমনটা শেখ হাসিনার ক্ষেত্রে হচ্ছে।’
খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হত্যাকারীদের সেখানে খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে সহায়তা করবে।
ডিবি পুলিশের সংবাদ সম্মেলন
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা শত্রু পক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটি করছি। এমন কোনো তথ্য আমরা দেব না যা শত্রুকে শক্তিশালী করে।’ তবে তদন্তের অগ্রগতি জানাতে আজ রবিবার সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।

Comments
Post a Comment