ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশের ধারণা, সে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। এদিকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
‘পূর্বপরিকল্পিত’ ও ভারতে পলায়ন
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। প্রধান অভিযুক্ত ফয়সালসহ আরও একজন সহযোগী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় ডিএমপি এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যা তদন্তের ক্ষেত্রে বড় অগ্রগতি।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট
গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর মতিঝিল থেকে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। পথিমধ্যে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা ফয়সাল ও তার সহযোগী চলন্ত অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে দেশে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। শুরুতে এটি হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর আদালতের নির্দেশে গত ২০ ডিসেম্বর মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।

Comments
Post a Comment