সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

বুধবার মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা, দাফন হবে জিয়ার কবরের পাশে

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

 


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে।

​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির একাধিক দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যু ও সময়

এর আগে আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শেষ সময়ে পাশে ছিলেন স্বজনরা

বেগম জিয়ার মৃত্যুর সময় হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি। এছাড়াও ছোট ভাই শামীম এসকান্দার, তাঁর স্ত্রী ও বড় বোন সেলিনা ইসলাম শেষ সময়ে তাঁর পাশে ছিলেন।

​এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

দীর্ঘ অসুস্থতা

দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি লিভার সিরোসিস, দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, অস্বাভাবিক হিমোগ্লোবিন, ডায়াবেটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।


Comments

Post a Comment