সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা ও তাঁর সরকার দায়ী: আইন উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

 


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, প্রহসনের বিচারে কারাগারে পাঠিয়ে খালেদা জিয়ার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে।

​মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘নির্যাতনের কারণেই দ্রুত বিদায়’

আইন উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়াকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। কারাগারে বিভিন্ন সময় যেভাবে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে, তা না হলে হয়তো তাঁকে এত দ্রুত আমাদের হারাতে হতো না।’

​তিনি জোর দিয়ে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের অবশ্যই দায় রয়েছে।’

আদালতের রায়ের প্রসঙ্গ

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘সাজানো’ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘যেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটা যে সম্পূর্ণ একটা সাজানো ও প্রহসনের রায় ছিল, তা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।’

​তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বারবার বলা হয়েছে—খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অন্যায়, উদ্দেশ্যপ্রণোদিত এবং জিঘাংসাপ্রসূত।’


Comments

Post a Comment