সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
‘জাতি এক মহান অভিভাবককে হারালো’
গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।’ তিনি শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
গণতন্ত্রের সংগ্রামে অসামান্য অবদান
বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, ‘গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি এই নিখাদ দেশপ্রেমিক নেত্রীর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শৃঙ্খলা ও সজাগ থাকার আহ্বান
শোকের এই আবেগঘন মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আশা করছি, শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে শৃঙ্খলা বজায় রেখে সহযোগিতা করবেন।’
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।’
প্রধান উপদেষ্টা দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানান।

Comments
Post a Comment