আসন্ন নির্বাচনকে ‘ব্যতিক্রমধর্মী’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত এবং বিএনপি একা হয়ে পড়েছে। এক দিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ—এমন ঘটনা অতীতে আর কখনো ঘটেনি।’
সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
‘অভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ’
ডা. তাহের নির্বাচনের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, ‘যারা রাইটিস্ট এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, তারা সবাই ঐক্যবদ্ধ। যারা বলেছিল নির্বাচন হবে না, তাদের সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে।’
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতি হুঁশিয়ারি
সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মানুষ জেনে গেছে কারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত। জনগণ এবার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে। আমরা আশা করি, জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।’
মনোনয়নপত্র জমা ও উপস্থিতি
এর আগে তিনি চৌদ্দগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।

Comments
Post a Comment