সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

যাত্রী তোলার আগমুহূর্তে সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ আগুন: নিহত ১, তদন্ত কমিটি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫

 


কক্সবাজারে যাত্রী ওঠানোর ঠিক আগমুহূর্তে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আগুন ও উদ্ধার তৎপরতা

সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও পর্যটক তোলার জন্য জাহাজটি ঘাটে ভিড়ছিল। ঠিক সেই মুহূর্তে জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং চোখের পলকে আগুনের লেলিহান শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর আগে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত এগিয়ে এসে জাহাজে থাকা ১৫ জন ক্রু ও স্টাফকে উদ্ধার করেন।

নিহতের পরিচয়

আগুন লাগার ঘটনায় জাহাজের ভেতর আটকা পড়ে এক কর্মচারীর মৃত্যু হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন নিশ্চিত করেছেন, নিহত ব্যক্তির নাম নূর কামাল (২৫)। তিনি টেকনাফের বাসিন্দা এবং ওই জাহাজের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পর্যটকদের ভোগান্তি ও বিকল্প ব্যবস্থা

ছুটির দিনে জাহাজটিতে প্রায় ২০০ জন পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। কিন্তু চোখের সামনে জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১২০ জন যাত্রীকে তিনটি বিকল্প জাহাজে তুলে দেওয়া হয়। বাকি যাত্রীদের রোববার সেন্টমার্টিন পাঠানো হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে অন্য দুটি জাহাজ ছাড়তে দেরি হওয়ায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

তদন্ত কমিটি গঠন

সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আজ বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে বৈঠক করা হবে।

​উল্লেখ্য, পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে প্রতিদিন ছয়টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছে।


Comments

Post a Comment