বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার সম্ভাব্য তারিখ আবারও পিছিয়ে যেতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও, রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এই সময়সূচি আরও পিছিয়ে যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি।
সূত্রটি জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণের ওপর নির্ভর করে যাত্রার সময় আরও কয়েকদিন পেছানো হতে পারে।
এদিকে, শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র নিশ্চিত করেছে যে, চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে আজ রাতে মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে 'সবুজ সংকেত' বা গ্রিন সিগনাল পেলেই কেবল দেশে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।
দলটির একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বিশেষ কোনো উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কার্যক্রম তদারকির জন্য গত শুক্রবার সকালে দেশে এসেছেন তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বর্তমানে তিনি বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
সূত্র- বাংলানিউজ২৪

Comments
Post a Comment