দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টানলেন দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক ব্যক্তিত্ব। এই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে দেশে ফিরেছেন সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমান।
সিলেট হয়ে ঢাকায় অবতরণ
লন্ডন থেকে আসা ফ্লাইটটি সরাসরি ঢাকায় অবতরণ করেনি। এর আগে আজ সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড (Ground Turnaround) শেষে বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।
নেতাদের উষ্ণ অভ্যর্থনা
ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বিমান থেকে নেমে আসেন। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের শীর্ষ নেতারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। তাকে বরণ করতে বিমানবন্দর এলাকায় লাখো মানুষ অপেক্ষা করছে।

Comments
Post a Comment