দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
শৈত্যপ্রবাহ ও কুয়াশা
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ৮টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

Comments
Post a Comment