চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপ স্থাপনের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া ৪ বছর বয়সি শিশু মুহাম্মদ মিসবাহকে দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে গর্ত থেকে তোলা হয়।
তবে উদ্ধারের পরপরই শিশুটি জীবিত না মৃত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শিশু মিসবাহ উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে। সে পরিবারের দুই সন্তানের মধ্যে ছোট।
ঘটনার বিবরণ
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে মিসবাহ ওই গর্তে পড়ে যায়। স্থানীয়রা জানান, ওই এলাকায় গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত বসতঘরের কাছাকাছি সুপেয় পানির জন্য একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। টিলাভূমি হওয়ায় সেখানে গভীর গর্ত খোঁড়া হয়। তবে গর্তটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী তালেব বলেন, ‘বিকালে শিশুটি গর্তে পড়ার পর আমরা তার কান্নার শব্দ শুনেছি। কিন্তু গর্তটি খুব গভীর হওয়ায় স্থানীয়ভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সে আরও গভীরে তলিয়ে যায়।’
উদ্ধার অভিযান
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাউজান ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট টানা কয়েক ঘণ্টা উদ্ধার কাজ চালায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা শিশুটির কান্নার শব্দ শোনার কথা আমাদের জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, শিশুটি গভীর গর্তে আটকে পড়েছিল।’
দীর্ঘ ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাত ৮টা ১০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Comments
Post a Comment