দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি হয়নি। সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।’
তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন চলাকালীন পরিস্থিতির উন্নতি হবে। মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও পরিষ্কার বোঝা যাবে।’
ক্রিকেট ও ভারতের সঙ্গে সম্পর্ক
ভারতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ক্রিকেটের সঙ্গে রাজনীতি ও দেশের সম্মান জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত।’ তিনি আরও বলেন, ‘ছোট ছোট বিষয়গুলোতে আমাদের ঐকমত্যে আসা উচিত।’
তিস্তা পরিকল্পনা ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি মন্তব্য করেন, ‘তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এসব সমস্যার সমাধান করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং পানির হিস্যা আদায় করব।’
তারেক রহমানের কর্মসূচি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বার্তা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন ফখরুল। নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল জানান, ‘তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্যান্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাবেন।’
ফ্যাসিবাদ বিরোধী হুঁশিয়ারি
আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মার খেতেও জানি।’ এ সময় তিনি সাংবাদিকদের বিএনপির ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়ার আহ্বান জানান এবং বলেন, ‘এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।’
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment