আইপিএল ২০২৬-এর স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক পেসার মদন লাল। তিনি স্পষ্টভাবে বলেছেন, খেলার মাঠে রাজনীতি ঢুকে পড়া অত্যন্ত দুঃখজনক এবং এর খেসারত দিতে হচ্ছে খেলোয়াড়দের।
‘বিসিসিআইকে প্রশ্ন করার কেউ নেই’
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বিসিসিআইয়ের একচ্ছত্র ক্ষমতার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। বোর্ডকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আমি বুঝতে পারছি না, কেন খেলাধুলার মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলার ভবিষ্যৎ কী—সেটাই এখন বড় প্রশ্ন।’
খেলোয়াড়দের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘বেশির ভাগ সংস্থাই রাজনৈতিক পরিস্থিতির জেরে খেলোয়াড়দের সামনে ঠেলে দেয়। এটাই সবচেয়ে বড় সমস্যা। খেলোয়াড়দের ব্যবহার করা হচ্ছে। খেলাধুলার মধ্যে রাজনীতি থাকা উচিত নয়। এটা অত্যন্ত দুঃখজনক।’
রাজনৈতিক চাপ ও বিতর্ক
৩০ বছর বয়সী মোস্তাফিজুর রহমানকে আইপিএল মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর, যা ছিল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। কিন্তু নিলামের পর থেকেই বিষয়টি নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ক্ষমতাসীন বিজেপির একাধিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব কেকেআর এবং এর মালিক শাহরুখ খানের ওপর চড়াও হন। বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলে আক্রমণ করেন। এছাড়া ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও মোস্তাফিজকে দলে নেওয়ায় বলিউড তারকার কড়া সমালোচনা করেন।
বিশ্লেষকদের মতে, মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনীতি ও বাইরের চাপই যে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের সিদ্ধান্তে নিয়ামক ভূমিকা পালন করেছে, মদন লালের বক্তব্যে সেটাই উঠে এসেছে।

Comments
Post a Comment