ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই ঘটনার জেরে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান।
‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার’
উপদেষ্টা তাঁর পোস্টে অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নতি শিকার করেই বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আইসিসির কাছে নালিশ ও নিরাপত্তা শঙ্কা
আসিফ নজরুল জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিত অভিযোগ করার নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’ এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ
ভারতের এমন আচরণের প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি যেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।’
‘গোলামীর দিন শেষ’
কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ!’

Comments
Post a Comment