ঢাকা-৯ সংসদীয় আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
বাতিলের কারণ
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। তাসনিম জারা সেই তালিকা জমা দিলেও, সেখান থেকে দৈবচয়ন ভিত্তিতে (র্যান্ডম স্যাম্পলিং) ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। এতে দুজনের তথ্যে গরমিল পাওয়া যায় অর্থাৎ তাঁদের স্থানীয় ভোটার হিসেবে শনাক্ত করা যায়নি। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
জারার প্রতিক্রিয়া ও আপিলের সিদ্ধান্ত
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা সবসময় স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি।’
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আইনি কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন।
ব্যক্তিগত তথ্য
এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। এমএসসি ডিগ্রিধারী এই প্রার্থীর বাবা ফখরুল হাসান ও মা আমেনা আক্তার দেওয়ান। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরী পাড়ার বাসিন্দা।
নির্বাচনি সময়সূচি
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments
Post a Comment