উড়ো চিঠির মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানহানির হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কক্সবাজারের রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী। এই ঘটনার পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
জিডিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, তাকে উদ্দেশ্য করে পাঠানো ওই চিঠিতে ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও বক্তব্যকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও কুরুচিপূর্ণ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।’
তিনি আরও জানান, এই হুমকির পর তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত বোধ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘শাহজাহান চৌধুরী হুমকির ঘটনায় থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Post a Comment