ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে পয়েন্ট হারাতে হবে বা ওয়াকওভার দিতে হবে—ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর এমন খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, আইসিসি বিসিবিকে এমন কোনো আল্টিমেটাম দেয়নি।
গুজব ও বিসিবির প্রতিক্রিয়া
গত মঙ্গলবার মধ্যরাতে ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি এক ভার্চুয়ালি মিটিংয়ে বিসিবিকে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপ খেলতে হলে তাদের ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এই দাবি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’
আইসিসি কী জানতে চেয়েছে?
বিসিবি সভাপতি জানান, আইসিসি মূলত বিসিবির কাছে নিরাপত্তাজনিত উদ্বেগের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিবরণ চেয়েছে।
বুলবুল বলেন, ‘আমরা মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন (নিরাপত্তা শঙ্কা) আছে। আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক কী কী কারণে বিসিবি উদ্বিগ্ন এবং কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন। আমরা সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেব। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। এখন বিসিবির পাঠানো বিস্তারিত ব্যাখ্যার ওপর নির্ভর করছে আইসিসির পরবর্তী পদক্ষেপ।

Comments
Post a Comment