সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

‘পরিবর্তনের চাবি আপনার হাতে’: গণভোটের প্রচার শুরু, ১১ দফায় ‘হ্যাঁ-না’ ভোটের আহ্বান

প্রকাশিত: জানুয়ারি ০৩, ২০২৬

 


আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা সামনে রেখে ‘গণভোট ২০২৬’ উপলক্ষে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে।

​লিফলেটটিতে রাষ্ট্র সংস্কারের ১১টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে জনগণের কাছে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের আহ্বান জানানো হয়েছে।

লিফলেট: ‘দেশের চাবি আপনার হাতে’

‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন- দেশের চাবি আপনার হাতে’ শিরোনামের ওই লিফলেটটিতে জানতে চাওয়া হয়েছে—জনগণ এমন বাংলাদেশ চান কি না, যেখানে ১১টি মৌলিক পরিবর্তন আসবে।

প্রস্তাবিত ১১টি দফা:

লিফলেটে উল্লেখিত সংস্কার প্রস্তাবগুলো হলো:

১. ঐকমত্যের ভিত্তিতে নিয়োগ: তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।

২. সংবিধান সুরক্ষা: সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।

৩. গণভোটের বিধান: সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।

৪. বিরোধীদের মূল্যায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।

৫. প্রধানমন্ত্রীর মেয়াদ: যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

৬. নারীর ক্ষমতায়ন: সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।

৭. উচ্চকক্ষ গঠন: ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।

৮. স্বাধীন বিচার বিভাগ: দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

৯. মৌলিক অধিকার বৃদ্ধি: জনগণের মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে (যেমন: ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না)।

১০. ক্ষমা প্রদর্শনে রাশ: দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।

১১. ক্ষমতার ভারসাম্য: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।

‘হ্যাঁ’ বনাম ‘না’

লিফলেটের নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণ ওপরের সব সংস্কার ও সুবিধা পাবেন। আর ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।’

​বিস্তারিত তথ্য জানার জন্য www.gonovote.gov.bd এবং www.gonovote.bd ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ থেকে এই বার্তা প্রচার করা হচ্ছে।


Comments

Post a Comment