ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় আর কোনো অতিরিক্ত সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।
শনিবার (৩ জানুয়ারি) মার্কিন সিনেটর মাইক লি পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে ফোনালাপের পর বিষয়টি নিশ্চিত করেন।
বিচারের মুখোমুখি ও অভিযানের সমাপ্তি
সিনেটর মাইক লি জানান, মার্কো রুবিও তাকে নিশ্চিত করেছেন যে মাদুরো এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ হেফাজতে রয়েছেন। যেহেতু মূল লক্ষ্য অর্জিত হয়েছে, তাই ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে আর কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই। শিগগিরই মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার শুরু হবে।
তবে সিনেটর লি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সাংবিধানিক প্রশ্নও তুলেছেন। তিনি লেখেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এই পদক্ষেপ সাংবিধানিকভাবে কীভাবে ন্যায্যতা পায়, তা জানতে আমি আগ্রহী।’
ট্রাম্পের নির্দেশ ও গ্রেপ্তারের ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে জানান, তাঁর নির্দেশেই ভেনেজুয়েলায় ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানের সময় মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে যে, ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।
হামলার ভয়াবহতা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ
শনিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বিমান হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলার খবর পাওয়া গেছে।
সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, বিস্ফোরণের তীব্রতায় তার বাসার জানালার কাঁচ কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ শোনা যায় এবং একাধিক স্থানে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আলোর ঝলকানি দেখা যায়। শহরের দক্ষিণাংশে একটি বড় সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, আটক হওয়ার আগে হামলার পরপরই প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

Comments
Post a Comment