সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি স্বাস্থ‍্য বিষয়ক এই লেখাটি পড়ছেন

ভারতের ‘সবচেয়ে পরিচ্ছন্ন’ শহরে ডায়রিয়ার হানা: ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২০০

প্রকাশিত: জানুয়ারি ০৩, ২০২৬

 


টানা আট বছর ধরে ভারতের ‘সবচেয়ে পরিচ্ছন্ন’ শহরের তকমা ধরে রাখা মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। দূষিত পানি পানের ফলে সৃষ্ট এই সংক্রমণে শহরটিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ।

​শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় আইনপ্রণেতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংক্রমণের কারণ: পানির পাইপে লিকেজ

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী জানান, শহরের ভাগীরথপুর এলাকায় খাবার পানির পাইপলাইনে লিকেজ বা ছিদ্র থাকায় পানি দূষিত হয়েছে। পরীক্ষায় ওই লাইনের পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, যা থেকেই মূলত এই সংক্রমণ ছড়িয়েছে।

হতাহত ও চিকিৎসাধীন

স্থানীয় আইনপ্রণেতা কৈলাশ বিজয়ভার্গীয়া জানান, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৯ জন মারা গেছেন। তবে প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী মৃতের সঠিক সংখ্যা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তিনি জানান, একই এলাকার ২০০-এর বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁরা পানির নমুনার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন।

প্রশাসনের পদক্ষেপ

জেলার প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা জানান, পরিস্থিতি মোকাবিলায় শহর কর্তৃপক্ষ একদল চিকিৎসক নিয়োগ দিয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধিকরণের জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছেন। তিনি নিশ্চিত করেন, পানি সরবরাহ লাইনের যে লিকেজ পয়েন্ট থেকে পানি দূষিত হচ্ছিল, তা ইতিমধ্যে মেরামত করা হয়েছে।

​কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ৩৩৮ জনের শরীরে হালকা উপসর্গ শনাক্ত করা হয়েছে।

পরিচ্ছন্ন শহরের তকমা ও বাস্তবতা

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ইন্দোর শহর গত আট বছর ধরে ভারতের জাতীয় পরিচ্ছন্নতা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে। দেশটির সবচেয়ে পরিচ্ছন্ন এই শহরেই দূষিত পানির কারণে এমন প্রাণহানি ও স্বাস্থ্য বিপর্যয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


Comments

Post a Comment