সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি খেলাধুলা বিষয়ক এই লেখাটি পড়ছেন

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, সতীর্থদের তীব্র প্রতিবাদ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬

 


জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যায়িত করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসের জেরে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির সিদ্ধান্তের চেয়ে ক্রিকেট খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তামিম ইকবাল। তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিমকে ব্যক্তিগত আক্রমণ করে তাঁকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই নিন্দার ঝড় ওঠে।

সতীর্থদের প্রতিবাদ

বিসিবি পরিচালকের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের অধিনায়ক ও জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে উচিত যেকোনো ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে শব্দচয়নে আরও সতর্ক হওয়া। প্রাপ্ত সম্মান সবারই প্রয়োজন, সেটা হোক মুস্তাফিজ কিংবা তামিম ইকবাল ভাই কিংবা যেকোনো মানুষের ক্ষেত্রেই। ঠিক একইভাবে দেশের সম্মান সবার আগে।’

​এর আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বিসিবিকে ক্রিকেটারদের ‘অভিভাবক’ উল্লেখ করে বলেন, অভিভাবকের কাছ থেকে এমন আক্রমণাত্মক ও অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া পেসার তাসকিন আহমেদসহ সিনিয়র ক্রিকেটাররাও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

ভক্তদের ক্ষোভ ও বিশ্লেষকদের শঙ্কা

একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ ক্রিকেটপ্রেমীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই পরিচালকের পদত্যাগ এবং আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন।

​ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বোর্ড পরিচালকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্রিকেটার ও বোর্ডের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত।


Comments

Post a Comment