সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

জাবির হল থেকে ২১ বোতল মদ উদ্ধার: ছাত্রদলের প্যানেলে নির্বাচন করা শিক্ষার্থী অভিযুক্ত

প্রকাশিত: জানুয়ারি ০৫, ২০২৬

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল মদ জব্দ করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের (তৃতীয় বর্ষ) শিক্ষার্থী। আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন।

অভিযান ও মাদক উদ্ধার

হল প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় হল সংসদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তল্লাশিতে টেবিলের লকার ও বিছানার নিচ থেকে মোট ২১ বোতল মদ জব্দ করা হয়।

​জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী স্বীকার করেছেন যে তিনি এসব মাদকদ্রব্য জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন। যেহেতু তিনি এই হলের আবাসিক ছাত্র নন, তাই আমরা মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তাঁরাই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

‘মদ ব্যবসায়ী নই, থার্টি ফার্স্ট নাইটের জন্য এনেছিলাম’

অভিযুক্ত ফজলে আজওয়াদ দাবি করেছেন তিনি মদের ব্যবসার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করার জন্য মদগুলো আনা হয়েছিল। তবে হঠাৎ এক বন্ধুর বাবা মারা যাওয়ায় পার্টিটা করা সম্ভব হয়নি। সে জন্য রুমেই রাখা ছিল।’

রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক ও ছাত্রদলের ব্যাখ্যা

শিক্ষার্থীরা জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন আজওয়াদ।

​তবে আজওয়াদকে নিজেদের কর্মী হিসেবে অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এক বিবৃতিতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তর বলেন, ‘আটক শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী নন। জাকসু নির্বাচনে ছাত্রদল হল পর্যায়ে সবার জন্য উন্মুক্ত প্যানেল গঠন করেছিল, যেখানে অরাজনৈতিক শিক্ষার্থীরাও নির্বাচনের সুযোগ পেয়েছিলেন।’

​বিবৃতিতে ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।


Comments

Post a Comment