সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

জকসু নির্বাচন: ১৪ বিভাগের ফলে ভিপি পদে রাকিব ও জিএস পদে আলীম এগিয়ে

প্রকাশিত: জানুয়ারি ০৭, ২০২৬

 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এখন পর্যন্ত ১৪টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলীম আরিফ এগিয়ে রয়েছেন।

​বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভিপি পদে ভোটের চিত্র

ঘোষিত ১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের (ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থী) প্রার্থী এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট।

​তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের (ইসলামী ছাত্রশিবির সমর্থিত) রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৫৭।

জিএস ও এজিএস পদে ভোটের চিত্র

সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৫৬ ভোট।

​সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এই প্যানেলের মাসুদ রানা ১ হাজার ৪২৭ ভোট পেয়ে শীর্ষে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।

নির্বাচন ও ভোটার পরিসংখ্যান

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা চলছে এবং ধারাবাহিকভাবে তা ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।

​এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং ছাত্রী হলের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান চারটি প্যানেল হলো—ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, অদম্য জবিয়ান ঐক্য, মওলানা ভাসানী ব্রিগেড (বাম জোট) এবং ঐক্যবদ্ধ জবিয়ান (জাতীয় ছাত্রশক্তি)।


Comments

Post a Comment