ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। এর প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) দেশের টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে যা বলা হয়েছে
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের আসর থেকে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
চিঠিতে বলা হয়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’
সম্প্রচার নিষেধাজ্ঞা
জনগণের এই ক্ষোভ ও প্রতিবাদের অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে সেই অনুরোধ কার্যকর করা হলো।

Comments
Post a Comment