ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতির মাধ্যমে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ঘোষণা ও আটকের দাবি
ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনের ডাক
অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় ফ্লোরিডার মার-আ-লাগোতে সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি বলেন, ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’
ভেনেজুয়েলার প্রতিক্রিয়া
প্রেসিডেন্টকে আটকের মতো নজিরবিহীন দাবির বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা দেশটির কোনো সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে ভিনদেশি বাহিনীর হাতে আটকের এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

Comments
Post a Comment