সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

ঢাকায় পারদ নামল ১২.৫ ডিগ্রিতে: সোমবার থেকে হাড়কাঁপানো শীতের আভাস

প্রকাশিত: জানুয়ারি ০৩, ২০২৬

 


মাঘের আগেই বাঘ কাঁপানো শীতের আমেজ রাজধানীতে। সকাল গড়িয়ে দুপুরে সূর্যের দেখা মিললেও কুয়াশার চাদর সরছে না পুরোপুরি। এর মধ্যেই রাজধানীতে তাপমাত্রার পারদ আরও নিচে নেমেছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রবিবার সূর্যের দেখা মিললেও সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। একইসঙ্গে দেশের কিছু জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কার কথাও শুনিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছি, পাবনা ও রাজশাহী—এই তিন জেলার স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

​বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এসব এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি এর আওতা আরও বাড়তে পারে।

সোমবার থেকে পরিস্থিতির অবনতির শঙ্কা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, শিগগির এই পরিস্থিতির বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সিলেট-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলে এবং রাজশাহী-চুয়াডাঙ্গাসহ পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনি বলেন, ‘রবিবার সূর্যের দেখা মিলতে পারে। তবে সোমবার থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।’

​আরেক আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। তিনি সতর্ক করে বলেন, ‘কিছু জায়গায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই ধারাবাহিকতায় দু-এক জায়গায় তীব্র শৈত্যপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।’

জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসেই দেশে ২-৩টি মৃদু থেকে মাঝারি এবং ১-২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

​সাধারণত তাপমাত্রা ১০ থেকে ৮.১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ৮ থেকে ৬.১ ডিগ্রি হলে মাঝারি এবং ৬ থেকে ৪.১ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।


Comments

Post a Comment