সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: জানুয়ারি ০৪, ২০২৬

 


কয়েক দফা দাবি আদায়ে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

​আজ রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে।

সংঘর্ষের সূত্রপাত ও পুলিশের অ্যাকশন

সকাল সাড়ে ১০টার দিকে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)’ ব্যানারে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বসুন্ধরা সিটি থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

​বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান ব্যবহারের পাশাপাশি ৭টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি

পুলিশের অ্যাকশনে ব্যবসায়ীরা পিছু হটে আশপাশের শপিংমলে আশ্রয় নেন। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনা সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

আন্দোলনের কারণ

এনইআইআর (NEIR) পদ্ধতি বাতিলের প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে।


Comments

Post a Comment