ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কিউবা সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে হাভানা।
হতাহতদের পরিচয় ও কিউবার বিবৃতি
কিউবা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সরকারের অনুরোধে ‘বিপ্লবী সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়’-এর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক হামলার’ সময় প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে এই ৩২ জন কিউবান প্রাণ হারান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের দ্বারা সংঘটিত এই হামলার সময় আমাদের সদস্যরা ভেনেজুয়েলার অংশীদারদের অনুরোধে দায়িত্ব পালন করছিলেন।’
রাষ্ট্রীয় শোক ও দাফন
নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি (সোম ও মঙ্গলবার) কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহতদের জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কিউবা সরকার।
প্রেসিডেন্টের নিন্দা
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তিনি ওয়াশিংটনের এই অভিযানকে ‘সাহসী ভেনেজুয়েলার জনগণ এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন।

Comments
Post a Comment