![]() |
| ডোনাল্ড ট্রাম্প | যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, রাষ্ট্র পরিচালনায় তাঁর ‘আন্তর্জাতিক আইন’র কোনো প্রয়োজন নেই। বিশ্বজুড়ে তিনি যে আগ্রাসী নীতি অনুসরণ করছেন, তা নিয়ন্ত্রণ করতে পারে কেবল তাঁর ‘নিজস্ব নৈতিকতা’। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে তিনি এই মন্তব্য করলেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের বৈশ্বিক ক্ষমতা চর্চার সীমা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।
‘নিজস্ব মন ও নৈতিকতা’
সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর ক্ষমতার কোনো সীমা আছে কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একটি জিনিস আছে। আমার নিজের নৈতিকতা। আমার নিজের মন। একমাত্র এটিই আমাকে থামাতে পারে।’ আন্তর্জাতিক আইন প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার আন্তর্জাতিক আইন দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।’
তবে আন্তর্জাতিক আইন মানা প্রসঙ্গে তিনি একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, ‘মানতে হয় বটে, তবে তা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কীভাবে দেন, তার ওপর নির্ভর করে।’
ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে অপহরণ
গত ৩ জানুয়ারি ভোরে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কমান্ডোরা রাজধানী কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তাঁদের নিউইয়র্কের ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। সমালোচকদের মতে, এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, যেখানে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ।
কলম্বিয়া ও মেক্সিকোকে হুমকি
মাদুরোকে অপহরণের পর ট্রাম্পের নজর এখন কলম্বিয়া ও মেক্সিকোর দিকে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে একাধিকবার ‘সাবধান থাকতে’ বলেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন যে, কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর বিষয়টি ‘ভালো শোনাচ্ছে’। এছাড়া মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধেও তিনি শক্ত আঘাত হানার ইঙ্গিত দিয়েছেন।
গ্রিনল্যান্ড নিয়ে উচ্চাকাঙ্ক্ষা
ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার বিষয়েও ট্রাম্পের আগ্রহের কথা বারবার প্রকাশ পাচ্ছে। এ নিয়ে ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপড়েন চলছে।

Comments
Post a Comment