বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ অনুযায়ী, নিম্নক্রম বা নিচ থেকে হিসাব করলে ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। গত বছর এই অবস্থান ছিল ১৪তম।
সূচকের বিস্তারিত ফলাফল
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে জানানো হয়, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর এবার ২৪, যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট বাড়লেও সার্বিকভাবে অবস্থানের অবনতি ঘটেছে। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ ১৮২টি দেশের মধ্যে ১৫০তম অবস্থানে রয়েছে।
বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট
সিপিআই ২০২৫ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের (স্কোর ১৬) পরেই বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। বৈশ্বিক গড় স্কোর যেখানে ৪২, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র ২৪, যা অত্যন্ত উদ্বেগজনক।
- শীর্ষে থাকা দেশ: ৮৯ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক।
- সর্বনিম্নে থাকা দেশ: মাত্র ৯ স্কোর নিয়ে যৌথভাবে তালিকার শেষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।
জুলাই অভ্যুত্থান ও স্কোরের বিশ্লেষণ
টিআইবি জানায়, বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়ার পেছনে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে স্কোর গত ১৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন হওয়া প্রমাণ করে যে, দুর্নীতির ব্যাপকতা দেশে এখনও গভীর উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় স্কোর ৪৫-এর তুলনায় বাংলাদেশ ২১ পয়েন্ট পিছিয়ে আছে, যা দুর্নীতির লাগাম টানতে ব্যর্থতারই বহিঃপ্রকাশ।

Comments
Post a Comment