সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধার মুখে ফিরতে হলো: ছিঁড়ে ফেলা হলো পুষ্পস্তবক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬

 

রুমিন ফারহানা

​ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের নজিরবিহীন বাধার মুখে পড়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি। এ সময় উত্তেজিত কর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন এবং তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে কর্মী-সমর্থকদের কড়া পাহারায় এলাকা ত্যাগ করতে বাধ্য হন এই সংসদ সদস্য।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তার অনুসারীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। তিনি যখন বেদির সামনে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে চিৎকার ও স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলায় শেষ পর্যন্ত শ্রদ্ধা নিবেদন ছাড়াই তাকে ফিরে যেতে হয়। এই ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর গেট এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নিয়ম অনুযায়ী শ্রদ্ধা জানাতে গেলেও বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন যে, দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েও যদি স্থানীয় পর্যায়ের এমন বিশৃঙ্খলা ও হিংস্রতা নিয়ন্ত্রণ করা না যায়, তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। যারা দলের পদ ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে হাইকমান্ড থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি, যাতে সরকার ও দলের ভাবমূর্তি বজায় থাকে।

​ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


Comments

Post a Comment