সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি আন্তর্জাতিক বিষয়ক এই লেখাটি পড়ছেন

এপস্টেইন কাণ্ড: কংগ্রেস কমিটির মুখোমুখি হচ্ছেন হিলারি ও বিল ক্লিনটন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬

 

হিলারি ক্লিনটন

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত মার্কিন হাউজ ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দীর্ঘ টানাপোড়েনের পর হিলারি এবং তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্যানেলের সামনে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার হিলারি ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং শুক্রবার হাজির হবেন বিল ক্লিনটন। এর মাধ্যমে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার যে আইনি ঝুঁকি তৈরি হয়েছিল, তা আপাতত প্রশমিত হলো।

​ক্লিনটন দম্পতি শুরু থেকেই এই তদন্তকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' এবং রিপাবলিকানদের একটি 'চাল' হিসেবে অভিহিত করে আসছিলেন। হিলারি ক্লিনটন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা বা কথা বলার কোনো স্মৃতি তাঁর মনে নেই। তবে তিনি এপস্টেইনের দণ্ডিত সহযোগী গিশলেন ম্যাক্সওয়েলের সঙ্গে কয়েকবার সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন, যিনি ২০১০ সালে তাঁদের মেয়ে চেলসি ক্লিনটনের বিয়েতেও উপস্থিত ছিলেন।

​অন্যদিকে, বিল ক্লিনটন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও তাঁর কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। বিল ক্লিনটনের দাবি, প্রায় ২০ বছর আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তাঁর মতো একজনের সঙ্গে পরিচয় থাকা নিয়ে তিনি অনুতপ্ত। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই হতে যাচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি কংগ্রেসের কোনো প্যানেলের সামনে সরাসরি সাক্ষ্য দেবেন।

​উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগ সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত যেসব নথিপত্র ও ছবি প্রকাশ করেছে, সেখানে ক্লিনটন দম্পতিসহ অনেক উচ্চপদস্থ ব্যক্তির নাম উঠে এসেছে। যদিও ক্লিনটনদের দাবি, বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে জেমস কোমারের নেতৃত্বে রিপাবলিকানরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিব্রত করতেই এই তদন্তের জাল বিস্তার করেছে। জবানবন্দিটি সাধারণত রুদ্ধদ্বার কক্ষে হওয়ার কথা থাকলেও, ক্লিনটন দম্পতি এটি জনসমক্ষে নেওয়ার দাবি জানিয়েছেন যাতে তথ্যের কোনো খণ্ডিত অংশ ফাঁস না হয়।


Comments

Post a Comment