![]() |
| মন্ত্রিপরিষদ বিভাগ |
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ব্যয়ে কঠোর লাগাম টানল সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি একটি পরিপত্র জারি করে ৯টি খাতে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছে। গত ৯ এপ্রিল থেকে অবিলম্বে কার্যকর হওয়া এই নির্দেশনা সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
যে ৯ খাতে কাটছাঁট
শতভাগ বন্ধ:
সরকারি গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় এবং ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে বিদেশি প্রশিক্ষণও বন্ধ।
৫০ শতাংশ হ্রাস:
অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয়, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয়।
৩০ শতাংশ হ্রাস:
সরকারি গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ, ভ্রমণ ব্যয় এবং সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি ব্যবহার।
২০ শতাংশ হ্রাস:
সেমিনার ও কনফারেন্স ব্যয় এবং আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয়।
কেন এই সিদ্ধান্ত?
গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অর্থ বিভাগের প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিশ্লেষণ করে এই ব্যয় সাশ্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকে অফিস সময় এক ঘণ্টা কমানো এবং দোকানপাট বন্ধের সময়সীমা নির্ধারণসহ একগুচ্ছ সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

Comments
Post a Comment