![]() |
| সংবাদ সম্মেলনে স্মিথ |
রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ভিনদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং স্কোয়াডের গভীরতা বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য। এখানে সাফল্য পেলে ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বলে মনে করেন তিনি।
উইকেট প্রসঙ্গে স্মিথ বলেন, পিচ আগের দিনের মতোই মনে হচ্ছে এবং একই ধরনের কন্ডিশন আশা করছেন তারা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাফল্যের পেছনে দলের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি। ব্যাটসম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য দ্রুত বোলারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ফলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়েছে বলে জানান স্মিথ।
বাংলাদেশের গরম আবহাওয়া এই ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার। তার মতে, এই গরমে আগে বোলিং করা শারীরিকভাবে অত্যন্ত কঠিন। তাই ছোট ছোট স্পেলে বোলিং করে দলগতভাবে কাজ করাই হবে মূল কৌশল। স্মিথ আরও মনে করেন, রোদে উইকেটের আচরণ বদলে যেতে পারে বলে টসও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগে ব্যাট করে পরে চাপ তৈরি করাকেই ভালো কৌশল বলে মনে করছেন তিনি।

Comments
Post a Comment