![]() |
| আসিফ মাহমুদ |
আসিফ মাহমুদের প্রশ্ন ও সংবিধান প্রসঙ্গ
সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিসিবির গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, বিসিবির বর্তমান সংবিধানে অ্যাডহক কমিটি গঠনের কোনো বিধান নেই। আসিফ মাহমুদ লিখেন, “বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল... সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি। বরং অ্যাডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নাই।” বিসিবির নিয়মকানুনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?”
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
এর আগে জাতীয় সংসদে বিসিবির নতুন কমিটি গঠন প্রসঙ্গে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি কড়া ভাষায় বলেন, “আমরা এখানে (বিসিবি) বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।” তার এই মন্তব্য বিসিবির নতুন নেতৃত্বের প্রতি সরকারের শক্ত সমর্থনেরই ইঙ্গিত দেয়।
কমিটি পুনর্গঠনের প্রেক্ষাপট
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সরিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
তৈরি হয়েছে ধোঁয়াশা
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার বিষয়টি আইসিসি-র (ICC) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। আসিফ মাহমুদের উত্থাপিত সংবিধানের বিষয়টি যদি সত্য হয়, তবে এই নতুন কমিটির আইনি বৈধতা নিয়ে আগামীতে আরও জটিলতা তৈরি হতে পারে।

Comments
Post a Comment