সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি রাজনীতি বিষয়ক এই লেখাটি পড়ছেন

শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: গুণগত ও আধুনিক শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬

 

তারেক রহমান 
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি আধুনিক, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

​বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এছাড়া পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

ডিজিটাল ও কারিগরি শিক্ষার বিস্তার

নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী:

  • মাল্টিমিডিয়া ক্লাসরুম: সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
  • ফ্রি ওয়াই-ফাই ও এডু-আইডি: ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ চালু করা হচ্ছে।
  • কারিগরি শিক্ষা: সব উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা দেন তিনি।

মাদ্রাসা ও আইসিটি প্রশিক্ষণ

মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আগামী ৮,২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। আইসিটি বিভাগের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের মতো আধুনিক বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতের উন্নয়নে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বর্তমানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।


Comments

Post a Comment