সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৬

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী

দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন কেনা বাবদ এ পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।

​স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা ভ্যাকসিন এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি আমদানির জন্য সরকার মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এই বিপুল পরিমাণ বরাদ্দ থেকে সিংহভাগ অর্থই ব্যয় হয়েছে সরাসরি ভ্যাকসিন ক্রয়ের কাজে।

​ভ্যাকসিন কার্যক্রমের আনুষঙ্গিক ব্যয়ের হিসাব তুলে ধরে মন্ত্রী জানান, টিকাদানে ব্যবহৃত সিরিঞ্জ কেনায় ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এছাড়া সারা দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য পরিবহন খরচ বাবদ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে আরও ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা ব্যয় হয়েছে।

​ভ্যাকসিন আমদানিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে ভ্যাকসিন কেনা বা সংরক্ষণ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের তথ্য বা অভিযোগ আসেনি। তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার সকল কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যদি ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়, তবে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপের কারণেই দেশ দ্রুত অর্থনৈতিক ও সামাজিক স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।


Comments

Post a Comment