সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি খেলাধুলা বিষয়ক এই লেখাটি পড়ছেন

আকাশচুম্বী মূল্যে বিক্রি হচ্ছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিট: একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা!

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬

 

ফুটবল বিশ্বকাপ ট্রফি
ফুটবল বিশ্বকাপের সাথে জড়িয়ে থাকে মানুষের গভীর আবেগ, উন্মাদনা আর ঐতিহাসিক কোনো মুহূর্তের সাক্ষী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। তবে ২০২৬ সালের আসরে সেই স্বপ্ন ছোঁয়া এখন সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব এক বিলাসিতায় পরিণত হয়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের যে অস্বাভাবিক আকাশছোঁয়া দাম শোনা যাচ্ছে তা যেকোনো ফুটবল প্রেমীকে রীতিমতো হতবাক করে দিতে বাধ্য। আগামী ১৯ জুলাই নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরের ফাইনাল। এই মহোৎসবকে কেন্দ্র করে ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে চারটি বিশেষ টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে যেখানে প্রতিটি টিকিটের অবিশ্বাস্য মূল্য হাঁকা হয়েছে প্রায় ২৩ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকার সমান। এই বহুমূল্যবান আসনগুলো স্টেডিয়ামের নিচতলার গ্যালারিতে ঠিক গোলপোস্টের পেছনে অবস্থিত যেখানে ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর আসন বরাদ্দ রয়েছে।

​যদিও মূল টিকিটের দাম সাধারণত ফিফার নিয়ন্ত্রণে থাকে তবে পুনবিক্রয় বা রিসেল বাজারে বিক্রেতারা নিজেদের মর্জিমতো দাম নির্ধারণের সুযোগ পান। আর এই বিপুল অঙ্কের লেনদেন থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও বড় অংকের কমিশন পকেটে পুরবে কারণ নিয়ম অনুযায়ী প্রতিটি টিকিট বিক্রি থেকে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকে ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ ফি কেটে নেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী শুধুমাত্র এই চারটি টিকিট সফলভাবে বিক্রি হলেই ফিফার কমিশন বাবদ আয় হবে প্রায় ২৬ লাখ ৯৯ হাজার ডলার বা ৩৩ কোটি টাকারও বেশি। তবে যারা সরাসরি অফিশিয়াল দামে টিকিট কেনার অপেক্ষায় আছেন তাদের জন্যও খুব একটা আশার আলো নেই কারণ কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অন্তত চার গুণ বেশি বাড়ানো হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য সবচেয়ে কম দামি টিকিটের মূল্যই ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯২৩ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ টাকার কাছাকাছি। একইভাবে সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দামও পাল্লা দিয়ে বাড়ছে যেখানে টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের টিকিট ১১ হাজার ১৩০ ডলার এবং আটলান্টার সেমিফাইনালের টিকিট ৪ হাজার ৩৬০ থেকে ৯ হাজার ৬৬০ ডলারের মধ্যে বিক্রি হচ্ছে। উল্লেখ্য যে আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের।


Comments

Post a Comment