সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখছে বিএনপি সরকার

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬

সেন্ট মার্টিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া এই নিয়ন্ত্রণ ব্যবস্থাই বহাল থাকছে বলে তার মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে। ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

পরিবেশমন্ত্রী জানান, প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের পর ২০২৪ সালে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে, ৯ মাস পর্যটন বন্ধ রাখার ফলে দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।

বর্তমান নিয়ম অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি পান। বাকি ৯ মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন সম্পূর্ণ বন্ধ থাকে, যাতে দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ পুনরুদ্ধারের সুযোগ পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি হওয়া নিষেধাজ্ঞা আগামী ১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, তিন মাসের বেশি সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই বাংলাদেশের একমাত্র প্রবাল সংশ্লিষ্ট এই দ্বীপের অস্তিত্ব রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা অব্যাহত রাখা ছাড়া বিকল্প নেই।

তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন অনেকে। তাদের অভিযোগ, দ্বীপের অধিকাংশ মানুষের আয়ের প্রধান উৎস পর্যটনশিল্প। ভ্রমণ সীমিত থাকায় স্থানীয় অর্থনীতি ভেঙে পড়েছে এবং অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জীবিকার মধ্যে এই টানাপোড়েন সমাধানে সরকার কোনো বিকল্প পরিকল্পনা দেবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।


Comments

Post a Comment