সর্বশেষ সংবাদ
সংবাদ লোড করা হচ্ছে...
আপনি বাংলাদেশ বিষয়ক এই লেখাটি পড়ছেন

ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিলের লাশ উদ্ধার, নিখোঁজ বৃষ্টির সন্ধান মেলেনি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬

ছবিঃ সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামিল আহমেদ লিমনের (২৭) রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তবে একই সঙ্গে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনও কোনো সন্ধান মেলেনি।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রেফতারকৃত হিশামকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকাল ৯টার দিকে ছাত্রাবাসে জামিলকে এবং সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে দেখা যায়। পরদিন ১৭ এপ্রিল তাদের কোনো সন্ধান না পেয়ে এক পারিবারিক বন্ধু কর্তৃপক্ষকে অবহিত করেন। নিখোঁজ নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।
নাহিদার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত এনবিসি নিউজকে জানান, তার বোনের সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, নাহিদা বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

Comments

Post a Comment