![]() |
| ছবিঃ সংগ্রহীত |
গাজীপুরের শ্রীপুরে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২০ মিটার আরসিসি সড়কে কাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। সড়কটি এখনো চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি, তবুও বিভিন্ন স্থানে ফাটল দৃশ্যমান হওয়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সামাজিক মাধ্যমে ফাটলের ছবি ভাইরাল হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ফাটলের স্থানে নীল রং দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
শ্রীপুর পৌরসভার চৌরাস্তা থেকে বরমী অভিমুখী সড়কটির কাজ পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আরিয়ান এন্টারপ্রাইজ। সম্প্রতি ঢালাইয়ের কাজ শেষ করে ঝুট ও কাপড় দিয়ে সড়ক ভিজিয়ে রাখা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সহকারী প্রকৌশলীর যোগসাজশেই এই দুর্নীতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ফজলুল হক বলেন, চলাচলের আগেই যদি এমন ফাটল দেখা যায় তাহলে বুঝতে হবে কাজের মান ঠিক ছিল না। আরেক ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, যথাযথ তদারকির অভাবেই এমন ত্রুটি দেখা দিয়েছে এবং এই সড়ক অল্প সময়েই ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হকের মোবাইল বন্ধ পাওয়া গেছে, পরে জানা গেছে তিনি হজ পালনে সৌদি আরবে রয়েছেন। সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, প্রচণ্ড রোদের কারণে ফাটল হয়েছে এবং মেরামতের কাজ চলছে। পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আকতারও একই কথা বলেন এবং প্রয়োজনে পুনরায় ট্রিটমেন্ট করার আশ্বাস দেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং রোববার বা সোমবার তিনি সরেজমিনে পরিদর্শন করবেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments
Post a Comment