![]() |
| ছবিঃ সংগ্রহীত |
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি দল চট্টগ্রামে পৌঁছে গেছে। শুক্রবার ছুটির দিন কাটিয়ে শনিবার দুপুর থেকে অনুশীলনে নামবে দলটি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আশা করছেন, ওয়ানডের পারফরম্যান্স টি-টোয়েন্টিতেও অব্যাহত থাকবে, বরং আরও ভালো হবে।
এই সিরিজে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো দুই নতুন মুখের আন্তর্জাতিক অভিষেক। গত বিপিএলে রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন এই সিরিজে টি-টোয়েন্টি অভিষেকের সুযোগ পাচ্ছেন। বিপিএলে রিপন ৮ ম্যাচে ১৭ উইকেট এবং সাকলাইন ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। হাবিবুল বাশার বলেন, দুজনই ভালো ফর্মে আছেন এবং তাদের সুযোগ করে দেওয়াটা জরুরি ছিল। বিশেষ করে সাকলাইনকে নেওয়ার পেছনে তার ব্যাটিং দক্ষতাও বড় কারণ, কারণ বোলিং অলরাউন্ডারের ঘাটতি দীর্ঘদিনের।
অন্যদিকে শেষ ওয়ানডেতে ১৯ ইনিংস ও ৯১৭ দিনের অপেক্ষার পর ফিফটি পাওয়া লিটন দাস টি-টোয়েন্টি সিরিজের আগে ভালো মেজাজেই আছেন। ম্যাচের আগের দিন হাবিবুল বাশারের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে। হাবিবুল অবশ্য বলেছেন, এটি কোনো টোটকা বা গুরুগম্ভীর আলোচনা ছিল না, শুধুই ক্রিকেট নিয়ে কথা।

Comments
Post a Comment